বার্তা সংস্থা আবনা : মিশরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি বলেছেন, মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করতে হলে ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি)-তে যোগ দিতেই হবে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে দেয়া ভাষণে এ কথা বলেছেন তিনি।
মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রের হুমকি থেকে মুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সবার জন্য নিরাপত্তার সম-অধিকার নিশ্চিত না করা পর্যন্ত নতুন মধ্যপ্রাচ্য বাস্তব রূপ নেবে না। একই সঙ্গে ইহুদিবাদী ইসরাইলকে এনপিটি চু্ক্তি, রাসায়নিক অস্ত্র ও জৈব অস্ত্র কনভেনশনে সই করতে হবে বলে দাবি জানান ফাহমি।
মধ্যপ্রাচ্যে একমাত্র ইহুদিবাদী ইসরাইলের অস্ত্রাগারে দুই শতাধিক পরমাণু বোমা রয়েছে বলে ধারণা করা হয়। তেল আবিব এ সব পরমাণু বোমার বিষয়ে এ পর্যন্ত প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি। এ ছাড়া, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষকদেরও নিজ পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেয়নি তেলআবিব।